বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া এবং উত্ত্যক্তের অভিযোগ পুলিশকে জানানোর জেরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত শিশুটির পাশে দাঁড়িয়েছেন বরগুনা জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক খান মোহাম্মদ সোলায়মান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী এলাকায় ওই শিক্ষার্থীকে ঘুষি ও লাথি মারেন ফয়সাল মৃধা। এতে শিশুটির তিনটি দাঁত উপড়ে যায় এবং দুটি দাঁত ভেঙে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ১৯ সেপ্টেম্বর রাতে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও শারীরিকভাবে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি তার মা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছিল বলে জানা গেছে।
এর দুই দিন পরই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে শিক্ষকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন। পুলিশ প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করতে না পারলেও তার মা মোসা. শিরিনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে প্রধান অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হওয়া এবং পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার কথা জানানোয় ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে আহত শিক্ষার্থী ও তার পরিবারের খোঁজখবর নিতে হাসপাতালে যান বরগুনা জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক খান মোহাম্মদ সোলায়মান। তিনি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় খান মোহাম্মদ সোলায়মান শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, পরিবারের পাশে দাঁড়ানো এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বরগুনা প্রতিনিধি 






















