পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রবি (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার রবি উপজেলার চড়ইকোল গ্রামের মৃত রমজান আলীর ছেলে। ভুক্তভোগী ৩৮ বছর বয়সী ওই গৃহবধূ চড়ইকোল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং তিন সন্তানের জননী। তাঁর স্বামী ঢাকায় গাড়ি চালানোর কারণে বাড়িতে থাকেন না।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রবি কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। অভিযোগ, তিনি গৃহবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে তাঁর ১৪ বছর বয়সী মেয়ে ছুটে আসে। পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রবিকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
চাটমোহর থানার ওসি মো. অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন ডেস্ক 



















