তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে নাটোরের গুরুদাসপুরে যোগেন্দ্রনগর ক্রীড়া ও জনকল্যাণ সংঘকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে রাশেদ-নিলু ফাউন্ডেশন।
মঙ্গলবার সন্ধ্যায় যোগেন্দ্রনগর ক্রীড়া ও জনকল্যাণ সংঘ প্রাঙ্গণে এ উপলক্ষে সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম মাস্টার। তানিমুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রভাষক সাজেদুর রহমান, রাশেদ-নিলু ফাউন্ডেশনের সভাপতি রাশিদুল ইসলাম, ক্লাবের কোষাধ্যক্ষ রনি আহমেদ ও রাকিবুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে উঠবে।
অনুষ্ঠানে রাশেদ-নিলু ফাউন্ডেশনের পক্ষ থেকে যোগেন্দ্রনগর ক্রীড়া ও জনকল্যাণ সংঘকে ২০ হাজার টাকার ক্রীড়া সহায়তার চেক দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, এ সহায়তা তাদের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং এলাকার তরুণদের মাঠমুখী করতে উৎসাহ জোগাবে।
উল্লেখ্য, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী আলহাজ রাশিদুল ইসলাম এবং তাঁর স্ত্রী নিলুফার ইয়াসমিন নিলু দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা ও মানবিক সহায়তার বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, অসহায় মানুষের সহায়তা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া সংগঠনকেও সহযোগিতা করে আসছে রাশেদ-নিলু ফাউন্ডেশন।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 
























