নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে উৎসবমুখর পরিবেশে মরহুম আলহাজ্ব দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুবজীপুর নজরুল প্রগতি সংঘের উদ্যোগে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মো. সিরাজুল ইসলাম শিশির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান।
খুবজীপুর নজরুল প্রগতি সংঘের সভাপতি সরদার আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপি সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃমাহমুদুজ্জামান সোহাগ, গুরুদাসপুর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, বিএডিসির প্রকৌশলী সাইদুর ইসলাম, উপজেলা পরিষদের প্রকৌশলী মো. মিলন মিয়া, নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রাকিবুল রহমান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আমিনুর রশীদ, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান আনিস, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান, খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দোরাপ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নেত্রকোনা ফুটবল একাদশ ও চাঁপাইনবাবগঞ্জ ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে চাঁপাইনবাবগঞ্জকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় নেত্রকোনা ফুটবল একাদশ।
খেলা দেখতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। ম্যাচকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো, সুস্থ ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 



















