হাসি হাসি মুখখানি
ছিপছিপে কায়া,
চেহারায় সরলতা
চোখ ভরা মায়া।
টিনেজার বয়সেতে
শখ জাগে মনে,
সবান্ধব ছবি তুলে
লালমাই বনে।
মা’রে করে আবদার
আঁচলটি ধরে,
দু-চারটে ছবি তুলে
ফিরবে সে ঘরে।
সবেধন নীলমণি
নেই ভাই-বোন,
তাই মা ভালোবেসে
দিলো তারে ফোন।
বেশি দূরে যাসনে বাপ
মানুষের ভীড়ে,
বিকেলের আগেই সোনা
আসিস তুই ফিরে।
বিকেল যে পার হলো
সন্ধ্যে প্রায় নামে,
অজানা আশংকায়
মা-বাবা ঘামে।
ফোনে কেন বাবাটারে
যাচ্ছেনা পাওয়া,
দুপুরেই ছিলো খোকা
বিকেলেই হাওয়া।
হাটে খুঁজে ঘাটে খুঁজে
কেউ খুঁজে পাহাড়ে,
অপ্রতিম সোনা ছেলে
কোথা আছিস আহারে।
হৃদয়টা ভেঙে গেছে
যখন খবরটি শুনি,
ফোন লোভে বন্ধুরাই
হয়ে গেছে খুনী।
ঐপারেতে চলে গেছো
আর নেই ভয়,
প্রার্থনা! স্বর্গের সব সুখ
তোর যেন হয়।
জানি-একরাশ অভিমান
বুকে তোর জমা,
অপ্রতিম আমাদের
করে দিস ক্ষমা।

মোহাম্মদ আকতারুজ্জামান 


















