পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর হক বাবু ও আবু ওবায়দা শেখ তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 


















