ঢাকা কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে ৫২ আসনবিশিষ্ট একটি নতুন বড় বাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বাসটির উদ্বোধন করেন ঢাকা কলেজের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, এসিএস।
এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে নতুন এই বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ শিক্ষা কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে সহায়ক হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন বাসটি চালু হওয়ার ফলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে। ফলে তারা আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে কলেজে যাতায়াত করে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম আজাদ, এসিএস বলেন, ঢাকা কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, একজন আদর্শ মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। যাতায়াতের সময় শৃঙ্খলা বজায় রাখা, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন এবং কলেজের নিয়ম-কানুন মেনে চলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঢাকা কলেজের রয়েছে দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও গৌরব। বর্তমান শিক্ষার্থীরাই এই ঐতিহ্যের উত্তরসূরি। তাই তাদের আচরণ, মেধা, শৃঙ্খলা ও সাফল্যের মাধ্যমে ঢাকা কলেজের সুনামকে আরও সমৃদ্ধ করতে হবে।
উল্লেখ্য, মোঃ আবুল কালাম আজাদ, এসিএস ঢাকা কলেজের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। কর্মজীবনে তিনি সরকারের গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণে এমন একটি উদ্যোগে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ তাঁর সহপাঠী ও ঢাকা কলেজের ১৯৯৭ ব্যাচের সদস্যদের কাছেও বিশেষ আনন্দ ও গর্বের বিষয় হয়ে উঠেছে।
১৯৯৭ ব্যাচের সহপাঠীরা মনে করেন, কর্মজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার এই প্রকাশ একটি ইতিবাচক এবং অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা নতুন বাসটির উদ্বোধনকে স্বাগত জানান। তাঁদের প্রত্যাশা, নতুন এই ৫২ আসনের বাসের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, সহজ ও সুশৃঙ্খল হবে। ফলে শিক্ষার্থীরা যাতায়াতের ভোগান্তি কমিয়ে শিক্ষা কার্যক্রম এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আরও বেশি মনোযোগ দিতে পারবে।

বিশেষ প্রতিনিধি 

















