গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় একটি পোশাক কারখানার কার্টুনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুদামে আগুন দেখতে পেয়ে কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তা নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর, ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়েছে।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অনলাইন ডেস্ক 


















