পটুয়াখালীর কলাপাড়ায় রহমতপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পিএসসি বৃত্তি পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. গোলাম কিবরিয়া (হিমু), কলাপাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপশিখা জয়ন্তী, হিরণ, এস এম হোসাইন, মাওলানা আলামিন এবং কলাপাড়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ সুজাউদ্দিন। এ সময় রহমতপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্য, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পিএসসি বৃত্তি পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
রহমতপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও প্রশংসনীয় উল্লেখ করে উপস্থিত ব্যক্তিরা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে শিক্ষার প্রসার ও মেধার মূল্যায়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী অতিথি, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়।

মোহাম্মদ রাকিবুল ইসলাম কলাপাড়া, (প্রতিনিধি) পটুয়াখালী 


















