পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি রিভলবার ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর রামনারায়ণপুর গ্রামের মৃত ঝরু মন্ডলের ছেলে জলিল মন্ডল (২৮) এবং মিরপুর গ্রামের জসিম মন্ডলের ছেলে বাবলু মন্ডল (২৬)।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, বুধবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক 



















