আগামী শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে ১০ দলীয় ঐক্যজোটের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জোটের শীর্ষ নেতারা আসন্ন জনসভাকে জনসমুদ্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, “বগুড়ার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ডা. শফিকুর রহমানের এই জনসভা একটি মাইলফলক হয়ে থাকবে। জোটের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় ১০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইঞ্জিনিয়ার এমএসএম মাহমুদ, জেলা সভাপতি, এনসিপি; এড. মোখলেছুর রহমান, জেলা সভাপতি, এলডিপি; মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা নায়েবে আমির, জামায়াতে ইসলামী; মাওলানা মানসুরুর রহমান, জেলা সেক্রেটারি।
এছাড়াও এলডিপি’র সাধারণ সম্পাদক আনিছার রহমান, মিজানুর রহমান হিরা, হাফেজ নাজমুল হাসান, মাওলানা শাহাদৎ হোসেন এবং জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলের জেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, আগামী ২৪ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সমন্বয় সভা থেকে জোটের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত হয়ে জনসভাকে সফল করার উদাত্ত আহ্বান জানানো হয়।

বগুড়া প্রতিনিধি 




















