পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের গ্রিল কেটে ১৭টি ল্যাপটপ চুরির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। চুরি যাওয়া ল্যাপটপ দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন তারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ নূরুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এখলাস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সুমনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চুরির ঘটনার পাঁচ দিন পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব থেকে বিপুলসংখ্যক ল্যাপটপ চুরি হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে বিদ্যালয়ের সামনে শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থাকা সত্ত্বেও কীভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, পুলিশ প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক কম্পিউটার ল্যাব খুলে দেখতে পান, সেখানে কোনো ল্যাপটপ নেই। পরে দেখা যায়, জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টার নিয়ে গেছে চোরেরা।
মানববন্ধন থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দ্রুত চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

অনলাইন ডেস্ক 


















