কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) নিখোঁজ হয়েছে। ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম আর ফিরে আসেনি বলে জানান তার মা।
এ ঘটনায় অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট, ওজন ৪০ কেজি। গায়ের রং শ্যামলা এবং চুল কালো।
পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। তাকে খুঁজে বের করতে পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুসন্ধান চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ড. নাহিদা বেগম জানান, বিকেল ৩টার পর থেকে তিনি ছেলেকে খুঁজে পাচ্ছেন না। নিখোঁজ হওয়ার সময় অপ্রতিমের পরনে একটি পাঞ্জাবি ছিল। তিনি জানান, ছেলেটি তার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। এরপর আর বাড়িতে ফেরেনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আরেকটি পোস্টে নাহিদা বেগম জানান, অপ্রতিমের নিখোঁজের ঘটনায় পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, তার কর্মক্ষেত্রের শিক্ষার্থী ও সহকর্মীরা একযোগে কাজ করছেন। রাতভর অভিযান চালানো হয়েছে এবং অপ্রতিমের বন্ধুদের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি মুন এলার্টকেও জানানো হয়েছে বলে জানান তিনি।
অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ারের ০১৭১৯-৬২৫৬৯০ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সবাইকে অপ্রতিমের সন্ধানে সহযোগিতা করার পাশাপাশি তার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক 


















