সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো—মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তারা ওই গ্রামের শরাফত আলীর সন্তান। তাদের বাবা শরাফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা হচ্ছে রাত ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে। পরে সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও তাদের বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা দেখতে পান, হাসপাতালে নেওয়ার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশী ও আত্মীয় রনু মিয়া জানান, শরাফত আলীর স্ত্রী সৌদি আরবে প্রবাসী। ঘটনার দিন শরাফত তিন সন্তানকে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে গিয়েছিলেন। ফেরার পথে তিনি সঙ্গে করে বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর নিজেও তা পান করেন।
রনু মিয়া আরও দাবি করেন, শরাফত আলী জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। তবে এসব তথ্যের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
ওসি ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।c

অনলাইন ডেস্ক 


















