নাটোরের বড়াইগ্রামে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ৬২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বনপাড়া মিশন মাঠ প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা সমবায় অফিসার আতিকুর রহমান, বড়াইগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ, ভবানীপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফ্রান্সিস দরেছ এবং বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত রোজারিও।
সভায় সভাপতিত্ব করেন বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া।
বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, দায়িত্ববোধ ও সমবায়ী চেতনা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কল্যাণমুখী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাধারণ সভাকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্টাফ রিপোর্টার 



















