ময়মনসিংহে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বেলা পৌনে ১১টার দিকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই বগির সংযোগ হুক মেরামত করা হলে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে এবং নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুই বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে বগি দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত সংযোগ হুক মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে ট্রেনটি আবার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

অনলাইন ডেস্ক 



















