ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগরে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোটকেন্দ্রে পুলিশের হস্তক্ষেপের অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।
মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে এজেইউপির প্রার্থী হয়েছেন হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদ। ভোটগ্রহণের সকালে রেজিনগরে দলের কার্যালয়ে যান হুমায়ুন কবির। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে তিনি একটি ভোটকেন্দ্রের দিকে যেতে চাইলে পুলিশ তাকে জানায়, তিনি প্রার্থী বা নির্বাচনী এজেন্ট না হওয়ায় ভোটকেন্দ্রের কাছে যেতে পারবেন না।
এ সময় পুলিশের বিরুদ্ধে পক্ষপাত ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তোলেন হুমায়ুন কবির। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, পুলিশ তাদের দলের কর্মী, বুথ এজেন্ট ও ভোটারদের ভয় দেখাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ ভোটে হস্তক্ষেপ করছে এবং তিনি তা হতে দেবেন না।
এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে পুলিশের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে হুমায়ুন কবির ও তার দলের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছিল। ওই সময় তিনি জানিয়েছিলেন, বাড়িতে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন।

অনলাইন ডেস্ক 



















