ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
সোমবারের অনুশীলনে শুরুতে ফুটবলাররা হালকা ওয়ার্ম-আপ করেন। এরপর বল নিয়ন্ত্রণের ছোট পরিসরের অনুশীলন এবং একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ম্যাচে অংশ নেন। তবে এখনো সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেননি কোচ লিওনেল স্কালোনি।
ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় অনুষ্ঠিত শেষ অনুশীলনেই কৌশল, রক্ষণভাগের পরিকল্পনা এবং সেট-পিস নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন আর্জেন্টিনার কোচিং স্টাফ।
সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জেতা ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় নিশ্চিত করতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে। তবুও স্কালোনি তার পরিচিত ও পরীক্ষিত একাদশের ওপরই আস্থা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মিশরের বিপক্ষে যে দল খেলেছিল, সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই একই একাদশ মাঠে নামিয়েছিলেন স্কালোনি। তার মূল্যায়নে, দল ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং একাধিক সুযোগও তৈরি করেছে। তবে গোল করার ক্ষেত্রে ব্যর্থতা এবং কয়েকটি রক্ষণাত্মক ভুলই ছিল মূল সমস্যা।
তবে ইংল্যান্ডের বিপক্ষে কিছু কৌশলগত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মিডফিল্ডের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও লিয়ান্দ্রো পারেদেস সামান্য ক্র্যাম্পে ভুগেছেন, তবে সেটি গুরুতর কোনো সমস্যা নয়।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার পরিবর্তে গনসালো মন্টিয়েল সুযোগ পেতে পারেন। এছাড়া মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় নিকোলাস গনসালেসকে দেখা যেতে পারে।
তবে শেষ পর্যন্ত স্কালোনি কী সিদ্ধান্ত নেবেন, তা এখনই নিশ্চিত নয়। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সম্ভাব্য একাদশ গোপন রাখাই তার দীর্ঘদিনের অভ্যাস। ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠকের আগে তিনি সাধারণত নিজের পরিকল্পনা প্রকাশ করেন না। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত।

অনলাইন ডেস্ক 


















