কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু সাঈদ জাকারিয়া (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রুকাইয়া খাতুন (২০)সহ অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবু সাঈদ জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৌলতপুর উপজেলার বিল বুয়ালিয়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
আহতদের মধ্যে অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। অটোরিকশাটি চারমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছাত্রদল নেতা জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে গাড়িটির চালক পালিয়ে গেছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক 


















