পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য বাস কাউন্টারে এসে গাড়ি না পেয়ে বিপাকে পড়ছেন অনেকে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। কেউ কেউ বিকল্প পথে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন। তবে বিকল্প পথে যাতায়াত করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকার মহাখালী রুটে মূলত অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, জলসিঁড়ি পরিবহন ও উজান-ভাটি পরিবহনের বাস যাত্রী পরিবহন করে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরগঞ্জের বাস মালিকেরা তাঁদের পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালু করেন। তবে ঢাকার মালিকেরা তাঁদের অংশের পুরোনো বাস পরিবর্তন করতে রাজি হননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ঢাকার মহাখালী রুটে চলাচলকারী সব বাস বন্ধ করে দেয়।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবির ইসলাম পারভেজ বলেন, পূজার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছিলেন তিনি। কিন্তু সেখানে এসে জানতে পারেন, কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস চলাচল বন্ধ রাখায় চরম বিপাকে পড়েছেন বলে জানান তিনি।
নাসিমা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, বাস চলাচল বন্ধ থাকায় ঢাকায় ফিরতে পারছেন না তিনি। ছুটি শেষে রোববার থেকে তাঁর ক্লাস শুরু হয়েছে। কিন্তু বাস বন্ধ থাকায় ক্লাসে অংশ নিতে পারেননি।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নত করতে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তাঁরাও সম্মতি জানিয়েছিলেন।
তিনি বলেন, পরবর্তী সময়ে কিশোরগঞ্জের মালিকেরা পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস নামালেও ঢাকার মালিকেরা তাঁদের বাস পরিবর্তন করেননি। বরং এ রুটে আরও দুটি বাস যুক্ত করেছেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর পরিপ্রেক্ষিতেই কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে চলাচলকারী সব বাস বন্ধ ঘোষণা করেছে জেলা পরিবহন মালিক সমিতি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি সমাধানের লক্ষ্যে রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
তবে বাস চলাচল বন্ধের বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে, কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ থাকলেও কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে গোলাপবাগ রুটে অনন্যা সুপার ও যাতায়াত পরিবহনের বাস চলাচল অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক 



















