সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন এক কৃষক। হঠাৎ রাস্তার পাশে খড়ের নিচে লুকানো কিছু একটা নিয়ে কয়েকটি শিয়ালকে টানাটানি করতে দেখে থমকে দাঁড়ান তিনি। কাছে গিয়ে দেখতে পান, বস্তুটি কোনো এক যুবকের মরদেহ। তাঁর চিৎকারে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরাও ছুটে আসেন।
বুধবার সকাল সোয়া ছয়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় মাঠের মধ্যে ইট বিছানো সড়কের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিম ঘটনাস্থলে আসছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু নিয়ে টানাটানি করছে। কাছে এগিয়ে যেতেই শিয়ালগুলো পালিয়ে যায়। এরপর তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় সেখানে পড়ে আছে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ।
বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে। পরে তাঁরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক 


















