পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়াল নারী-শিশুসহ অন্তত ১১ জনকে কামড়ে আহত করেছে। পরে স্থানীয়রা একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। এরপর সেটি একের পর এক মানুষকে ধাওয়া করে কামড়াতে থাকে। এতে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হন। শিয়ালের আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে শিয়ালটিকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে তারা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

অনলাইন ডেস্ক 


















