রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান।
সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মা-বাবার কবর জিয়ারত করবেন। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।
পরে শহরের সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
এর আগে, গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনলাইন ডেস্ক 


















