দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় আয়োজিত এ সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মো. মেহরাজুল আলম সুফির নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া। তিনি উপস্থিত নেতাকর্মীদের সামনে আসন্ন ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মেহরাজুল আলম সুফির প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম তুহিন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল আলম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়েদুর রহমান।
বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মেহরাজুল আলম সুফি। এ সময় ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 


















