যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেসের মাধ্যমে বিধ্বস্ত হেলিকপ্টারটি পরিচালিত হচ্ছিল। সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ মডেলের হেলিকপ্টারটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, দুর্ঘটনায় আরও দুই ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন।
ভয়াবহ দাবানল ও দুর্গম, খাড়া ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতে পারেনি। পরে শনিবার নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেক্ট জানান, কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা ‘কৌশলগত বিরতি’ নিয়েছিলেন। পরে আবারও আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করা হয়।
টাইলার হেক্ট বলেন, দুর্ঘটনাটি অগ্নিনির্বাপণ কার্যক্রমে দীর্ঘমেয়াদি কোনো বাধা সৃষ্টি করবে না। মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রাখা হবে।
উটাহর গভর্নর স্পেন্সার কক্স বনাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের কাজকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে অন্যতম’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে নিহতদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাতের মাধ্যমে ওয়াইডমাউথ ২ দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। এটি চলতি বছর উটাহর সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে যাচ্ছে।
শনিবার কর্মকর্তারা জানান, দাবানলের প্রায় ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের গতিপ্রকৃতি এখনো আশপাশের জনবসতির জন্য হুমকি তৈরি করছে। এ কারণে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
চলতি গ্রীষ্মে উটাহতে এটি দ্বিতীয় প্রাণঘাতী দাবানল-সংক্রান্ত দুর্ঘটনা। এর আগে জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় তিনজন দমকলকর্মী নিহত হন। পরে আহত আরও একজন দমকলকর্মী মারা যান।

অনলাইন ডেস্ক 


















