ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ রাখা ‘খুবই কঠিন’ হলেও তাঁর উপস্থিতি দেশের জন্য একটি ‘বড় শক্তি’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (৫ আগস্ট) প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
পেজেশকিয়ান বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পরও দেশ অচল হয়ে পড়েনি। তিনি জানান, মার্চের শুরুতে বিশেষজ্ঞদের পরিষদ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ইরান ব্যাংকিং নিষেধাজ্ঞা, বৈদেশিক লেনদেনে কড়াকড়ি, নৌ অবরোধ এবং চলমান যুদ্ধের কারণে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা চালু করতে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
ফার্স বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভর করছে। সংস্থাটি আরও জানায়, ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ চলাচলে বাধা দেওয়ার পর পেন্টাগন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

অনলাইন ডেস্ক 


















