আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ প্রতিবেদনে ব্যবহৃত প্রত্যক্ষদর্শীদের তথ্য সরবরাহ করেনি বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে তিনি বলেন, জাতিসংঘ জানিয়েছিল, আইনে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হলে প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়া হবে। তবে প্রসিকিউশন নিজস্ব প্রত্যক্ষদর্শীদের আদালতে উপস্থাপন করছে।
প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৪ থেকে ১৭ জুলাই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়, যার উল্লেখ জাতিসংঘের প্রতিবেদনে রয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (OHCHR) ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ২৩০টির বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষাৎকারের ভিত্তিতে অনুসন্ধান পরিচালনা করে। শুনানিতে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। সব আসামিই বর্তমানে পলাতক।

অনলাইন ডেস্ক 


















