যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে প্রাইম এয়ারের ৭৫৯৮ নম্বর ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে মাটিতে থাকা একাধিক যানবাহনে ধাক্কা দেয়। মিয়ামি-ডেড ফায়ার চিফ রে জাদাল্লাহ এ তথ্য জানিয়েছেন।
দুর্ঘটনার পর বিমান ও যানবাহনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিটের পাশাপাশি প্রায় ২০০ জন কর্মী এতে অংশ নেন। বিমানের ভেতরে আটকে থাকা পাইলট ও কো-পাইলটকেও উদ্ধার করা হয়।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে এসেছিল। রানওয়ে অতিক্রম করার সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২০৭ কিলোমিটার বা ১১২ নট।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ৩২ বছর পুরোনো বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার। ‘২১ এয়ার’ নামের একটি কার্গো এয়ারলাইন অ্যামাজনের হয়ে বিমানটি পরিচালনা করছিল। অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল এবং ২১ এয়ার কর্তৃপক্ষ এ ঘটনায় শোক প্রকাশ করে তদন্তে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। সংস্থাটির সভাপতি জেনিফার হোমেনডির নেতৃত্বে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে। বিমান নির্মাতা বোয়িং ও ২১ এয়ারও তদন্তে সহযোগিতার কথা জানিয়েছে।
এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেক্সাসের ট্রিনিটি বে এলাকায় অ্যামাজন প্রাইম এয়ারের একই মডেলের একটি বোয়িং ৭৬৭-৩০০ বিমান দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনায় বিমানের তিন ক্রু সদস্যই নিহত হয়েছিলেন।

অনলাইন ডেস্ক 


















