সৌদি আরবের পবিত্র নগরী মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দেন।
নতুন সিদ্ধান্তের আওতায় মদিনার ঐতিহাসিক মসজিদের পাশাপাশি বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও থাকবে। ফলে চাকরি, কেনাকাটা, ভ্রমণ কিংবা অন্য কোনো প্রয়োজনে বাইরে থাকা নারীরা নামাজের সময় বাড়িতে ফেরার পরিবর্তে কাছাকাছি মসজিদে গিয়ে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান সাধারণত বন্ধ থাকত।
নতুন ব্যবস্থায় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখার সুযোগ তৈরি হলো।
তবে মসজিদে নববি এই সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। বিশ্বের অন্যতম পবিত্র এই মসজিদে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে।
এদিকে নারীদের নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও তদারকিতে নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক 


















