প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার ঘটনায় মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় তাকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরের মধ্যে ঢুকে পড়েন মুবিন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছাকাছি চলে যান। চলন্ত গাড়ির পাশে গিয়ে তাকে হাত উঁচিয়ে সালাম করতেও দেখা যায়।
তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ দ্রুত তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হলে সোমবার আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।
মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানান, আটকের পর মুবিনের দেহ তল্লাশি করে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। তবে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে গাড়িবহরের মধ্যে ঢুকে পড়ার বিষয়টি রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য, বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে মুবিনের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গাড়িবহরে প্রবেশের কারণ ও ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানার চেষ্টা করা হবে।

অনলাইন ডেস্ক 

















