আগামী সপ্তাহে পুলিশের জন্য পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি)। পুলিশ সদরদপ্তরে এ পদ না থাকলে নতুন করে পদ সৃষ্টি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
সালাহউদ্দিন আহমদ জানান, সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়ে এসব ইউনিটকে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে। পাশাপাশি পুলিশ সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের জন্য প্রকল্প প্রণয়নের নির্দেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছে। জটিল প্রকৃতির সাইবার অপরাধের তদন্ত ও বিশ্লেষণ কেন্দ্রীয় পর্যায়ে করা হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যেসব ঘটনা বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট পর্যায়েই সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন দেশে সাইবার ও স্ক্যামভিত্তিক অপরাধের হার উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। তাই বাংলাদেশেও সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় পুলিশের কিছু সদস্যের রাজনৈতিক যোগাযোগ ও কর্মকাণ্ড নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের কেউ যদি নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ বা এ ধরনের কার্যক্রমে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 



















