সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৪ জুন) ইসলামাবাদে অবতরণের সময় পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার জেটের বিশেষ এসকর্টের মাধ্যমে তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়।
সুইজারল্যান্ডে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় ইসলামাবাদের মধ্যস্থতার প্রেক্ষাপটে এই দিনব্যাপী সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর এটিই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর।
পাকিস্তান ও কাতার সম্প্রতি জানিয়েছে, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের বৈঠকের প্রথম ধাপ থেকে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ৬০ দিনের রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। এই প্রেক্ষাপটে পেজেশকিয়ানের ইসলামাবাদ সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইরানি প্রেসিডেন্টের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরপরই পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন তাকে স্বাগত জানায়। পরে জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে গঠিত ছয়টি ফাইটার জেটের একটি ফর্মেশন রাষ্ট্রপতির বিমানকে ঘিরে সম্মানসূচক আকাশপথের এসকর্ট প্রদান করে এবং আনুষ্ঠানিক স্যালুট প্রদর্শন করে।
এ সময় এসকর্ট স্কোয়াড্রনের দলনেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
পাকিস্তান বিমান বাহিনীর এই ঐতিহ্যবাহী বিমান এসকর্ট বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির আতিথেয়তা ও সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের অংশগ্রহণ পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক সক্ষমতা, পেশাদারিত্ব এবং প্রযুক্তিগত দক্ষতারও প্রতিফলন ঘটিয়েছে।

অনলাইন ডেস্ক 


















