গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার পলাতক রয়েছেন। রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে বাড়িতে ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর বাবা আব্দুস সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এ সময় আনোয়ার তাঁর বাবার কাছে নেশার টাকা দাবি করেন। কিন্তু আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হন আনোয়ার।
অভিযোগ রয়েছে, এ সময় আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাঁর বুকে উপর্যুপরি আঘাত করেন। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত আনোয়ার।
সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনলাইন ডেস্ক 


















