ভাগ্য বদলাতে সুদূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। একই দিন দেশটির পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিনের কাছে ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও ছয় নারী। পৃথক এই দুই দুর্ঘটনায় আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় প্রবাসী মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন রুবেল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা আরও এক বাংলাদেশি আহত হন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। জীবিকার সন্ধানে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।
স্থানীয় প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে চলে যাওয়ায় রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি।
দেশে রুবেলের স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই রয়েছেন। ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে এলে তাঁর দেশে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে সেই অপেক্ষা আর পূরণ হলো না। জীবিকার তাগিদে বিদেশে যাওয়া রুবেলকে দেশে ফিরতে হবে নিথর দেহে।
অন্যদিকে, শনিবার সকালে দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মিনিবাস ট্যাক্সিটি পশ্চিম কেপ প্রদেশের বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। গাড়িটিতে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে একটি কিয়া রিও গাড়ির একজন আরোহী আহত হন।
পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চালকের ক্লান্তি দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলোর একটি হতে পারে।
এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

অনলাইন ডেস্ক 


















