নাটোরের নলডাঙ্গায় চলন্ত চার্জার ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাপাতিল ডাকঘর সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রলিচালক কায়সারকে (৩৭) আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পান্না নগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বানী ইসরাইলের স্ত্রী।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ মাসুদ জানান, গেদি বেগম তাঁর পুত্রবধূর সঙ্গে বেয়াই বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়ি রাজশাহীর দুর্গাপুরে ফিরছিলেন। এ সময় তিনি পাটুল থেকে নলডাঙ্গার দিকে আসা একটি চার্জার ভ্যানে যাত্রী হিসেবে ছিলেন।
ভ্যানটি সোনাপাতিল ডাকঘর সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে পৌঁছালে একই দিক থেকে আসা পাটবোঝাই একটি স্যালো ইঞ্জিনচালিত গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ভ্যানের সঙ্গে পাটবোঝাই গাড়িটির ধাক্কা লাগলে গেদি বেগম ছিটকে সড়কে পড়ে যান। পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের পুত্রবধূ বলেন, “আমি ও আমার শাশুড়ি রাজশাহীর দুর্গাপুরে আমার শ্বশুরবাড়ি থেকে আমার নিজ এলাকা নলডাঙ্গায় বেড়াতে এসেছিলাম। রোববার আমরা আবার রাজশাহীর দুর্গাপুরে ফিরে যাচ্ছিলাম। কিন্তু পথে দুর্ঘটনায় আমার শাশুড়ি মারা যান।”
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় ট্রলিচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক 



















