স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার (২২ আগস্ট) আকস্মিকভাবে রাজধানীর তেজগাঁও থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস পরিদর্শন করেন।
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি নাইট ডিউটি ও শিফটভিত্তিক দায়িত্ব পালনের সময়সূচি এবং কর্মপরিবেশ সম্পর্কেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি ও বিভিন্ন অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন তিনি। তাদের অভিযোগ দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে নিষ্পত্তির জন্য থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সেবা দেওয়া। প্রতিটি থানা যেন সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হয়ে ওঠে, তা নিশ্চিত করতে হবে। নাগরিকরা যেন কোনো ধরনের ভয় বা সংকোচ ছাড়াই থানায় এসে নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সে পরিবেশ তৈরি করতে হবে।
পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 


















