নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা এবং ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বদলগাছী থানার মথুরাপুর ইউনিয়নের হট শাপিলা গ্রামের বসাকপাড়া এলাকার কেওড়াতলা মন্দিরের সামনে পাকা সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হুমায়ুন কবির (৪৫) মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে সিয়াম (১৮), রোহিত (১৮) ও অজ্ঞাতনামা আরও এক থেকে দুই ব্যক্তি তাঁকে মারধর করেন। পরে তাঁরা জোরপূর্বক তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
হুমায়ুন কবির বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাঁর চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই তাঁরা ছিনতাই করা মালামাল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী বদলগাছী থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন। অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত সিয়াম ও রোহিতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করতেন। পরে সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকা এবং ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেনের আগে পরিচয় যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক 


















