গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ওষুধবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে। আহত মো. সানিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তিনি মাইক্রোবাসটির যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আলহামরা পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওষুধবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে, মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মাসুদ রানা গাড়ির ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে মাইক্রোবাসের ভেতর থেকে মাসুদ রানার মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী ঘটনার পর পালিয়ে গেছেন।

অনলাইন ডেস্ক 








