প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের রাজপথ। শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। এ সময় তারা বর্তমান সরকারের যুদ্ধংদেহী নীতির তীব্র সমালোচনা করে সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং এর পরবর্তী ঘটনাবলির একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত। একইসঙ্গে ইরান ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানেরও কড়া প্রতিবাদ জানিয়েছেন তারা।
রাফায়েল পেনিন্না নামের এক নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেতানিয়াহু আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো মিত্রদের সঙ্গেও সম্পর্ক নষ্ট করছেন।” তার মতে, ৭ অক্টোবরের ব্যর্থতা নিয়ে সরকার এখনো কোনো সদুত্তর দিতে পারেনি, তাই বর্তমান ও ভবিষ্যৎ—উভয় সরকারের কাছেই এর একটি যথাযথ তদন্ত হওয়া অপরিহার্য।
লি হফম্যান নামের একজন সমাজকর্মী জানান, ৭ অক্টোবরের পর থেকে চলা প্রধানমন্ত্রীর এই সীমাহীন যুদ্ধে বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। মূলত সেই শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা ও সমর্থন জানাতেই তার এই বিক্ষোভে অংশগ্রহণ।
চায়েম ট্রিভ্যাক্স নামের অপর এক বিক্ষোভকারীর কণ্ঠেও ছিল তীব্র ক্ষোভ। তিনি বলেন, লেবানন ও ইরানে সংঘাত ছড়িয়ে দেওয়াটা ইসরায়েলের জন্য চরম ভুল সিদ্ধান্ত। তার দাবি, নেতানিয়াহু মোটেও দেশের স্বার্থে লড়ছেন না; বরং দুর্নীতির মামলায় কারাবাস থেকে নিজেকে বাঁচাতেই তিনি এসব করে বেড়াচ্ছেন।

অনলাইন ডেস্ক 


















