ইতালির উদ্দেশে যাত্রার সময় তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার অভিবাসী অধিকারকর্মীদের সংগঠন তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মুস্তাফা আবদেলকেবির এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে নৌকাটি তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। পরে সেটি সাগরে ডুবে যায়। উদ্ধার হওয়া দুজনের একজন জানিয়েছেন, নৌকাটি উল্টে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। অপর উদ্ধার ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
একসময় ইউরোপে পাড়ি জমানোর অন্যতম প্রধান রুট ছিল তিউনিসিয়া। তবে গত দুই বছরে দেশটি থেকে সমুদ্রপথে অভিবাসনের সংখ্যা কমেছে। কঠোর অভিযান, সমুদ্র নজরদারি বৃদ্ধি এবং ইউরোপীয় সহায়তায় আধুনিক সীমান্ত নজরদারি ব্যবস্থা এর অন্যতম কারণ।
তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির পর দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতন বেড়েছে। এসব সংগঠন তিউনিসিয়ার সীমান্ত ও অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রমে ইইউর অর্থায়ন বন্ধেরও আহ্বান জানিয়েছে।

অনলাইন ডেস্ক 



















