ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান দ্রুত আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি আলোচনার পথে না আসে এবং সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তাদের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে। তার ভাষায়, আগামী সপ্তাহটি ইরানের জন্য অত্যন্ত কঠিন হতে পারে।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন টানা চতুর্থ দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। একই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলো ঘিরে কঠোর নৌ-অবরোধও পুনর্বহাল করা হয়েছে। এর ফলে গত ১৭ জুন দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমান সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
সামরিক অভিযান কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি ঘোষণা না দেওয়া পর্যন্ত অভিযান চলবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

অনলাইন ডেস্ক 


















