অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে ১৬ বছর বয়সী এক নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইজিবাইক চালক মাহমুদুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্থানীয় নারী ফুটবলাররা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক মাহমুদুল শেরপুর ইউনিয়নের শামছুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলের বিভিন্ন বয়সী নারী ফুটবলাররা নিয়মিত চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলন করেন।
অভিযোগ অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুশীলন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই কিশোরী ফুটবলার। পথে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর নির্জন স্থানে চালক মাহমুদুল তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ধস্তাধস্তির একপর্যায়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও চালককে অপরিচিত হওয়ায় বিষয়টি তখন কাউকে জানাননি তিনি।
এরপর থেকে ওই নারী ফুটবলার যাতায়াতের পথে অভিযুক্ত চালককে খুঁজতে থাকেন। রোববার সন্ধ্যায় অনুশীলন শেষে মাঠের কাছেই তাকে দেখতে পান। পরে সহখেলোয়াড়দের বিষয়টি জানালে তারা সবাই মিলে মাহমুদুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

অনলাইন ডেস্ক 

















