ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে গড়াই পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

অনলাইন ডেস্ক 



















