নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে ‘ন্যায়ের পক্ষে আপোষহীন—নজরুল’ শীর্ষক আলোচনা সভা, কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও জেলা প্রশাসন, পাবনার যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, পাবনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক মোঃ লতিফুল ইসলাম শিবলী।
আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক আখতারুজ্জামান।

অনুষ্ঠানের অংশ হিসেবে পাবনা জেলা স্কুল, কালেক্টরেট স্কুল ও সরকারি মহিলা কলেজের চার শতাধিক শিক্ষার্থী কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়া পাবনা জেলার বিভিন্ন উপজেলার বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম বিশু।
অনুষ্ঠানের শেষে সাহিত্য পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

পাবনা প্রতিনিধি 


















