পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, পূর্বাচলে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। এ লক্ষ্যে পুলিশের অনুকূলে বরাদ্দ দেওয়া ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক একটি বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগেরও পরিকল্পনা করা হয়েছে।
আইজিপির মতে, পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে পূর্বাচলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত পুলিশি সেবা প্রদান আরও কার্যকর হবে। পাশাপাশি দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 








