রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আটতলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
সামিয়া গাজীপুরের কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে সে গাজীপুরের বোর্ডবাজার সাইনবোর্ডসংলগ্ন কলমেশ্বর এলাকায় বসবাস করত। তার বাবা নুরুন্নবী স্থানীয় বাজারে একটি কনফেকশনারির দোকান পরিচালনা করেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সামিয়ার মা পারুল আক্তার (৪৫) জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ থেকে ছয় দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আটতলার একটি ওয়ার্ডে ভর্তি হন। আগামী ২৮ অক্টোবর তার অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত ছিল। মায়ের চিকিৎসার কারণে পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে সামিয়ার বাবা নুরুন্নবী বলেন, হাসপাতালের বাইরে থেকে ফিরে সামিয়া তার মাকে বলে, ‘মা, ক্ষুধা লেগেছে, ভাত দাও।’ ভাত খাওয়ার পর সে বিছানা থেকে কিছুটা দূরে কোমরসমান উঁচু জানালার মতো একটি জায়গায় গিয়ে বসে। তখন তার মা বিছানার নিচে বসে ভাত খাচ্ছিলেন। ওই জায়গায় বসে নিচের দিকে তাকানোর একপর্যায়ে হঠাৎ মাথা ঘুরে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সামিয়া।
নুরুন্নবী আরও বলেন, চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, নিচে পড়ে সামিয়ার ঘাড় ও একটি হাত ভেঙে যায়। তার কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে রক্তক্ষরণ হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নুরুন্নবী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি নিঃসন্তান ছিলাম। মাত্র তিন বছর বয়সে কলিজার টুকরা মেয়েটিকে দত্তক নিয়েছিলাম। কত আদর করে তাকে মানুষ করেছি! আজ আমি সব হারালাম, এখন আমরা কী নিয়ে বাঁচব?’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন ডেস্ক 


















