পাবনার চাটমোহরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অভিযান চালিয়ে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডিবিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কাটাখালী এলাকার আব্দুল ওহাবের ছেলে রজব আলী (৩২) এবং ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবুল আলীর ছেলে নাজির হোসেন (২৯)।
রোববার (২৮ জুন) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া দুজন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সদস্য। ২০২৫ সালে বিভিন্ন এলাকায় সংঘটিত বিস্ফোরণের ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

চাটমোহর প্রতিনিধি 





















