নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর থাপ্পড়ে পূর্ণিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার হাতিয়ান্দহ এলাকার নতুন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে পূর্ণিমা খাতুনের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে রাশেদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে পূর্ণিমাকে জোরে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিকো তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক 


















