ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেল বাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম তিনটি ইউনিট। দুপুর ১২টা ৩২ মিনিটে ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ইউনিট যুক্ত করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে মোট আটটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

অনলাইন ডেস্ক 



















