ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে চিকিৎসায় অবহেলার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বারবাজারের ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের সময়ই তিনি মারা যান। তবে তার নবজাতক সন্তান জীবিত রয়েছে।
ঘটনার পর সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ক্লিনিকটি সিলগালা করার পাশাপাশি মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, অভিযানের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করে জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে নবজাতকের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, খাবার দুধসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক 

















